রাজাপুরে ৩ জেলেকে দণ্ড, ৪টি অবৈধ বেহুন্দি জাল ধ্বংস

উপজেলার বিষখালী নদীতে জাটকা নিধনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় তিন জেলেকে আটক করা হয়।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে জাটকাবিরোধী অভিযানে তিন জেলেকে আটক ও চারটি বেহুন্দি রাক্ষুসে জাল জব্দ করা হয়েছে। এ সময় আটক তিন জেলেকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান এবং জব্দকৃত জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

বুধবার (২৯ এপ্রিল) প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত তিন জেলে হলেন— নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের সাহেব আলী সিকদারের ছেলে মো: আক্কাস শিকদার (৪০), একই এলাকার মরহুম জয়নাল হাওলাদারের ছেলে মো: নিজাম হাওলাদার (৫০) ও রাজাপুরের উত্তর সাউথপুর এলাকার মানিক হাওলাদারের ছেলে মো: রফিকুল ইসলাম (১৯)।

উপজেলা মৎস্য অধিদফতরের দায়িত্বশীল সূত্র জানায়, উপজেলার বিষখালী নদীতে জাটকা নিধনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় তিন জেলেকে আটক করা হয়। বিধি অনুযায়ী আটক আক্কাস সিকদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মো: নিজাম হাওলাদার ও মো: রফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত চারটি নিষিদ্ধ রাক্ষুসে বেহুন্দি জাল জনস্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।