পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরে আগুনে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১৫ মে) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার কারণ ও উৎপত্তিস্থল নিয়ে কিছুটা ভিন্নমত থাকলেও বেশিভাগের ধারণা, সার ও কীটনাশকের দোকানের পাশের বাঁশঝাড়ে থাকা বৈদ্যুতিক পিলার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর স্থানীয় লোকজন খালের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে তিনটি সার ও কীটনাশকের দোকান, একটি চায়ের দোকান এবং অন্য দোকানের মধ্যে প্লাস্টিক, দড়ি-কাঁচি, ক্রোকারিজ, হার্ডওয়্যার, মুদি, সেলুন ও পানের দোকান।



