সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সেকান্দার আলী, মোংলা (বাগেরহাট)

Location :

Bagerhat
আটককৃত ডাকাত আব্দুস সামাদ মোল্লা
আটককৃত ডাকাত আব্দুস সামাদ মোল্লা |নয়া দিগন্ত

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মো: আব্দুস সামাদ মোল্লা (৩৫) নামে এক বনদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১) এপ্রিল এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।

আটক আব্দুস সামাদ বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিল।

সূত্র জানায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুন্দরবন থেকে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সাথে সাক্ষাতের জন্য আসার তথ্য জানা যায়। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে গত ২০ এপ্রিল সোমবার রাত ১০টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো: আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, আজ ২১ এপ্রিল মধ্যরাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয় বারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়।’

তিনি আরো বলেন, ‘সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’