চট্টগ্রাম-১৪ আসন : বুথের ভেতরে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা দেখা গেছে

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের দুটি ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে উপস্থিতি না থাকলেও বুথের ভেতরে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা লক্ষ করা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম-১৪ আসন : বুথের ভেতরে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা দেখা গেছে
চট্টগ্রাম-১৪ আসন : বুথের ভেতরে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা দেখা গেছে |নয়া দিগন্ত

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের দুটি ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে উপস্থিতি না থাকলেও বুথের ভেতরে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা লক্ষ করা গেছে। উপস্থিতদের কেউ কেউ নিজেদের ধানের শীষের কর্মী বলে দাবি করেছেন, আবার কেউ ভোটারদের সাথে এসেছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, পুরো ভোটকেন্দ্রে ভোটারদের কোনো লাইন নেই। তবে বুথের সামনে কয়েকজন কিশোরকে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভোটার কি না জানতে চাইলে জানান, তারা তাদের বোনের সাথে এসেছেন। এ সময় কেন্দ্রের পাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ১৫৩ জন। দুপুর ২টা পর্যন্ত প্রায় আড়াই হাজার ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বুথের সামনে বহিরাগতদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানান।

এ কেন্দ্রের কিছু দূরে দক্ষিণ হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের কোনো লাইন নেই। তবে বুথের ভেতরে গিয়ে ভিন্ন চিত্র দেখা যায়—প্রায় শ’ খানিক ভোটার সেখানে অবস্থান করছিলেন। এ সময় সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও নির্বিকার ছিলেন। এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার৷ এস আই সুব্রত সাংবাদিকদের জড়িয়ে ধরে ক্ষমা চান এবং হেসে পরিবেশ সহজ করার চেষ্টা করেন।

এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৭০ জন। দুপুর দুইটা পর্যন্ত ১ হাজার ১৭টি ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা আবু তৈয়ব।

তিনি বলেন, দুটি বুথ একত্র করে একটি বুথে ভোটগ্রহণ করায় বুথে ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি ছিল। তবে ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।