মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার থানতলী ও খাগদী এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও আব্দুল্লাহ আল কাইয়ুম।
বিক্রয় রশিদ না থাকা এবং বেশি দামে সিলিন্ডার বিক্রির অপরাধে খাগদী এলাকার জসিম ফকিরকে ১০ হাজার টাকা, থানতলী এলাকার সৈয়দ মনিরকে পাঁচ হাজার টাকা এবং ফায়েকুজ্জামানকে মুফতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে খাগদী এলাকার তালহা ট্রেডার্সকে চার হাজার টাকার জরিমানা করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল কাইয়ুম জানান, তিনটি গ্যাসের গোডাউনে ২৫ হাজার এবং একটি চালের গোডাউনে অভিযান চালিয়ে আরো চার হাজারসহ মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। যারা অসাধু উপায়ে জিম্মি করে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



