বড়াইগ্রামে মহাসড়কের পাশে ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন

দীর্ঘদিন ধরে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে মহাসড়কের ধারে বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভাসহ পাশের গুরুদাসপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি তীব্র দুর্গন্ধে যানবাহনের চালক-যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়ছেন।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়
বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে মহাসড়কের ধারে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ছাত্রদল ও স্থানীয় বাসিন্দারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, শিক্ষক আবু তাহের সিদ্দিকী ও হুমায়ন কবীর, বড়াইগ্রাম পৌর ছাত্রদলের সদস্য জনি প্রধান এবং মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে মহাসড়কের ধারে বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভাসহ পাশের গুরুদাসপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি তীব্র দুর্গন্ধে যানবাহনের চালক-যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়ছেন। প্রায় প্রতিদিনই বর্জ্যে আগুন ধরিয়ে দেওয়ায় ঘন ধোঁয়ার সৃষ্টি হয়, যা মহাসড়কে যান চলাচলে ঝুঁকি তৈরি করছে।

তারা আরো বলেন, পলিথিন ও প্লাস্টিকসহ অপচনশীল বর্জ্য পাশের আবাদি জমিতে ছড়িয়ে পড়ে চাষাবাদে বিঘ্ন সৃষ্টি করছে। দ্রুত এ স্থানে বর্জ্য ফেলা বন্ধ করে ভাগাড় অন্যত্র স্থানান্তরের দাবি জানান বক্তারা। দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বড়াইগ্রাম পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার জন্য দুটি ডাম্পিং স্টেশন নির্মাণকাজ চলমান রয়েছে। সেগুলো চালু হলে সেখানে বর্জ্য ফেলা হবে। বর্তমানে বিকল্প ব্যবস্থা না থাকায় সাময়িকভাবে মহাসড়কের পাশে বর্জ্য ফেলা হচ্ছে।