পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলার ফাজিলপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, সরকারবিরোধী ষড়যন্ত্র এবং যানবাহন ভাঙচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন ফাজিলপুর এলাকায় এই ঘটনার পর পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃতরা হলেন— মো: মাসুদ রানা (২২), মো: শাহজাহান (৪৪), আতাউর রহমান (৪৫), রফিকুল ইসলাম খোকন (৪৯), মাজহারুল ইসলাম প্রিন্স (২৮) এবং মো: হযরত আলী (৪৬)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।



