সারাদেশের মতো রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়। ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স খুলে ভোট গণনার কাজ শুরু করা হয়।
প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও প্রার্থীদের অ্যাজেন্টরা গণনা কার্যক্রমে অংশ নেন।
বিকেলে উপজেলার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বেসামরিক প্রশাসন পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ মনে করবে, ততক্ষণ আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মাঠে থাকবে।’
দুর্গাপুর উপজেলায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সামগ্রিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনার কাজ চলছে।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন।
ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।



