সিইউএফএলে বেতন বৈষম্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

তারা তাদের অধিকার নিশ্চিত করতে ও উৎপাদন অব্যাহত রাখতে সকল প্রচেষ্টা চালিয়ে যাবেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
সিইউএফএলে বেতন বৈষম্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
সিইউএফএলে বেতন বৈষম্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এর বেতন স্কেলে বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিক ও কর্মচারীরা।

আজ বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকে শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের ব্যানারে এ বিক্ষোভে বিভিন্ন বিভাগের শ্রমিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

তারা দাবি করেন, একই কারখানার জন্য দু’টি পৃথক বেতন কাঠামো চালু থাকায় শ্রমিকদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। এছাড়া কারখানার গ্যাস সরবরাহ পুনরায় চালু করে সার উৎপাদন অব্যাহত রাখার দাবি জানানো হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, তারা তাদের অধিকার নিশ্চিত করতে ও উৎপাদন অব্যাহত রাখতে সকল প্রচেষ্টা চালিয়ে যাবেন।

সিইউএফএলের সূত্রে জানা গেছে, কারখানাটি চালু থাকলে দৈনিক ১১ হাজার টন ইউরিয়া সার উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকা। তবে চলতি বছরের ১১ এপ্রিল গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, ‘বেতন বৈষম্যের বিষয়ে শ্রমিকদের বিক্ষোভের খবর আমরা পেয়েছি। বিষয়টি বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করা হবে।’

কারখানার মাস্টার অপারেটর সৈয়দ আসলাম আলীর সভাপতিত্বে এবং শ্যামল কান্তি নাথের সঞ্চালনায় বিক্ষোভে বক্তব্য দেন বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম, সহ-সভাপতি হারুনুর রশীদ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলম মজুমদার, সিইউএফএল এমপ্লয়িজ ক্লাবের সভাপতি ফরিদুল আলম চৌধুরী, শ্রমিক নেতা জালাল আহম্মদ, মো: আনিসুর রহমান জুয়েল ও মাহমুদুল হাসান ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।