সাদুল্লাপুরে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

একই গ্রামের বেলাল মিয়া ও আমেনা বেগম গংদের সাথে জামিল সরকারের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

শামীম সরদার, সাদুল্লাপুর (গাইবান্ধা)

Location :

Sadullapur
এ বি এম জাকারিয়ার সরকার জামিলের লাশ উদ্ধার করেছে পুলিশ
এ বি এম জাকারিয়ার সরকার জামিলের লাশ উদ্ধার করেছে পুলিশ |নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এ বি এম জাকারিয়ার সরকার জামিল (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) বিকেলের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা এলাকা থেকে জামিলের লাশ উদ্ধার করা হয়।

নিহত জামিল সরকার নলডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী মাহাবুব আলমের ছেলে। সে স্থানীয় কান্তনগর মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিল।

নিহতের স্বজনরা জানায়, একই গ্রামের বেলাল মিয়া ও আমেনা বেগম গংদের সাথে জামিল সরকারের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি বেলাল মিয়ারা দলবদ্ধ হয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গিয়ে লাঠি ও অস্ত্রের আঘাতে জামিল সরকারসহ তাদের বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে বুকে আঘাতপ্রাপ্ত জামিল সরকারকে রোববার সকালের দিকে রংপুরে চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যায়।

এ তথ্য নিশ্চিত করে নিহত এ বি এম জাকারিয়ার সরকার জামিলের চাচা বাবুল মিয়া বলেন, ‘প্রতিপক্ষ বেলাল মিয়া গংদের লাঠির আঘাতে আমার ভাতিজার মৃত্যু হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।