লালমনিরহাটে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ২৪ লাখ টাকা।
রোববার (২৯ মার্চ) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা এলাকার নাগরাজ সীমান্তে পৃথক অভিযান চালানো হয়। সকালে সাড়ে ১০টার দিকে রামখানা বিওপির সদস্যরা এবং প্রায় আধা ঘণ্টা পর অনন্তপুর বিওপির টহলদল সেখানে অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় একটি চক্র সীমান্ত পথে ভারতীয় শাড়ির বড় চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে রামখানা ও অনন্তপুর বিওপির দু’টি টহলদল এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন কয়েকজনকে ধাওয়া দিলে তারা মালামাল ফেলে দ্রুত ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৬৭টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং তিন থান প্যান্টের কাপড় জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে স্বর্ণকাতান শাড়ির মূল্য প্রায় ১৬ লাখ ৭০ হাজার টাকা, সিল্ক শাড়ির মূল্য সাত লাখ ৬০ হাজার টাকা এবং প্যান্টের কাপড়ের মূল্য ৩৬ হাজার টাকা বলে জানায় বিজিবি। সব মিলিয়ে উদ্ধার হওয়া মালামালের মোট মূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। নজরদারি আরো বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



