জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা চাই তরুণ প্রজন্মের যারা আছে তারা মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে। সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক থেকে মুক্ত হতে এলাকায় খেলার আয়োজন বেশি করে করতে হবে। আমাদের তরুণ প্রজন্ম মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলার মধ্য দিয়ে মানসিক যেই সমৃদ্ধি ঘটে তা গুরুত্বপূর্ণ। মাদক প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই।
বুধবার (১১ জুন) বিকেলে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই-আগস্ট শহীদের স্মরণে মিনিবাস ফুটবল টুর্নামেন্ট -এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
এ সময় ডা: আজাদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, সোনালী ব্যাংকের কংশনগর শাখার সিনিয়র অফিসার আবুল বাসার, এনসিপি নেতা শামীম কায়সার প্রমুখ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে 'শ্রীপুর ফুটবল একাদশ' বনাম এলাহাবাদ 'হামাস টিম'।
জমকালো আয়োজনে ফাইনাল ম্যাচটি দেখার জন্য দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা ছিল, নিদিষ্ট সময়ে গোলশূন্য ড্র থাকায় ফলাফল গড়ায় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে শ্রীপুর ফুটবল একাদশকে ৬-৭ গোলে হারিয়ে বিজয়ী হয় এলাহাবাদ হামাস টিম। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা।



