জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারী সরকারি কলেজে দুই দিনব্যাপী চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ত জুলাই’ পরিদর্শন করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্য মাওলানা আব্দুস সাত্তার।
আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখা আয়োজিত চিত্রপ্রদর্শনীর শেষ দিনে পরিদর্শনে আসেন তিনি।
চিত্রপ্রদর্শনীতে ২০০৬ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার নানা চিত্র প্রদর্শিত হয়। নেতৃবৃন্দ প্রদর্শনীটির প্রতিটি অংশ ঘুরে ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য অধ্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়ে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত ও নিহতদের পরিবারের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন ভিন্নমত পোষণ করছেন এবং গণভোটের রায়কে মানছে না।’
দেশের মানুষের প্রত্যাশা পূরণে অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
এ সময় তার সাথে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিমুদ্দিন, সেক্রেটারি সিরাজুল ইসলাম সোহাগ, নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি মুসা ইসলাম ও সেক্রেটারি শওকত স্বপনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতারা।



