বিশিষ্ট মুফাসসিরে কোরআন হাফজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী রচিত ‘ভোট আমানত ও জবাবদিহিতা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ভোট শুধু একটি নাগরিক অধিকার নয়, এটি একটি পবিত্র অমানত। যার জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। একটি ভোটের মাধ্যমে আমরা যে নেতৃত্বকে বেছে নিই, তার কাজ, সিদ্ধান্ত ও কার্যক্রমের অংশবিশেষ আমাদের কাঁধেও বর্তায়। কারণ, আমরা তাকে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করে দিয়েছি। আমরা যেন আবেগ, লোভ বা ভয় নয়; বিবেক, আমানতদারি ও আল্লাহভীতি নিয়ে ভোট দিই। এই ধরনের গ্রন্থ সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে ভোটারদের মনে দাগ কাটবে।
হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবী ড. নূরুল ইসলাম বাবুল, লেখক জাহেদুর রহমান চৌধুরী, সমাজসেবী মাওলানা ইসলাম উদ্দিন, আলেমেদ্বীন মুফতী আলী হায়দার, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মুহা: আজিজজুল ইসলাম প্রমুখ।
‘ভোট আমানত ও জবাবদিহিতা’- বইটির লেখক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী একজন ইসলামী চিন্তাবিদ। তিনি দেশে-বিদেশে পবিত্র কোরআনের তাফসীর করে যাচ্ছেন। তিনি বর্তমানে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি আজিরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি তার প্রথম গ্রন্থ।
লেখক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী বলেন, বিবেকের তাড়নায় আমি বইটি রচনা করেছি। মহান আল্লাহর কাছে দোয়া করি- তিনি যেন আমাদের ভোটের মাধ্যমে সঠিক নেতা বাছাই করার তাওফিক দান করেন, অন্যায়ের সহযোগিতা থেকে রক্ষা করেন এবং আমাদের ভোটকে হক, ন্যায় ও কল্যাণের পথে কবুল করেন। আমীন।



