চিকিৎসার জন্য ভারতে গিয়ে ২ বন্ধুর মৃত্যু, লাশ ফিরিয়ে আনলেন আরেক বন্ধু

চিকিৎসার জন্য ভারতে যান দুই বন্ধু। কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে ভারতে থাকা তাদের আরেক বন্ধু লাশ দু’টি বাংলাদেশে ফিরিয়ে আনেন।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda
দুই বন্ধুর লাশ ভারতে ফিরিয়ে আনলেন আরেক বন্ধু
দুই বন্ধুর লাশ ভারতে ফিরিয়ে আনলেন আরেক বন্ধু |নয়া দিগন্ত

উন্নত চিকিৎসার আশায় ভারতে গিয়ে এক দিনের ব্যবধানে গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পরে ভারতে থাকা আরেক বন্ধু তাদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনেন।

শনিবার (১৬ আগস্ট) রাতে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় দুই বন্ধুর লাশ।

ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার মো: হাবিবুর রহমান (৫৮) ও কালীগঞ্জের কাপাসিয়া এলাকার বিল্লাল মাঝি (৫০) গত ১৫ জুন উন্নত চিকিৎসার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান। চিকিৎসার জন্য তারা কলকাতার যাদবপুরের এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন।

ইমিগ্রেশন চেক পোস্ট সূত্র বলছে, বিল্লাল লিভার ক্যান্সারে গত ৯ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে হাবিবুর গত সোমবার ৭টা ৪৭ মিনিটের দিকে স্ট্রোকজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দুই বন্ধুর মৃত্যুর পর ভারতে তাদের লাশের প্রয়োজনীয় ইমিগ্রেশন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে তাদের আরেক বন্ধু মো: আবু নাহিদ (৪৫) লাশ দু’টি বাংলাদেশে নিয়ে আসেন। গত ১৬ আগস্ট রাত ৭টা ১০ মিনিটে বিল্লাল মাঝির লাশ ও রাত ৭টা ৩০ মিনিটে হাবিবুর রহমানের লাশ দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছায়।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বশীল কর্মকর্তারা ভারতীয় বিএসএফ ও বাংলাদেশ বিজিবির সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ওই রাতেই লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করেন।

চিকিৎসার উদ্দেশে একসাথে ভারতে যাওয়া দুই বন্ধুর লাশ শেষ পর্যন্ত আরেক বন্ধুর হাত ধরে দেশে ফেরার ঘটনায় স্বজন ও পরিচিতদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এসআই মো: তারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দু’জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’