ফেনীর সোনাগাজীতে মাত্র এক ঘণ্টার কালবৈশাখী ঝড় আর অতিবৃষ্টিতে গাছপালা ভেঙে পড়ে উপজেলার বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় ঘটেছে। সোনাগাজী বাজারসহ বিভিন্ন স্থানে টিনের চাল উড়ে গেছে।
রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টাযর দিকে হঠাৎ দমকা হাওয়াসহ প্রচণ্ড বৃষ্টির কারণে এই বিপর্যয় নেমে আসে।
ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রয়েছেন এবং সোনাগাজী বাজারে উড়ে যাওয়া টিনের চাল উদ্ধারে সহযোগিতা করছেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কালবৈশাখী ঝড় আর অতিবৃষ্টিতে সোনাগাজী উপজেলা পরিষদ চত্বরের ভেতরের গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। সোনাগাজী থানার সামনে গাছপালা ভেঙে সড়কে পড়েছে। সোনাগাজী বাজারের বড় মসজিদের সামনের সড়কে বিভিন্ন দোকান ও বাসা বাড়ির চালের টিন উড়ে গিয়েছে। এছাড়া ও উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে ঘরবাড়ির ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।
তবে এখন পর্যন্ত হতাহতের খবর না পাওয়া গেলেও কমপক্ষে শতাধিক গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা বলেন, ‘হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙে পড়ার খবর পাচ্ছি। এখন পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।’



