লালমনিরহাটের মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই সহোদর ভাইয়ের সন্ধান মেলেনি। রোববার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি। ফলে রাতের জন্য অভিযান স্থগিত করা হয়েছে।
নিখোঁজ দুই ভাই হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির (১৬) ও শাওন (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বন্ধু মেহেদীকে সাথে নিয়ে ধরলা নদীতে গোসল করতে নামে তিন কিশোর। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে যেতে শুরু করলে মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে সাব্বির ও শাওন স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত দুই কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
রংপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ফারুক হোসাইন হাওলাদার জানান, খবর পাওয়ার পর ডুবুরি দল সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েছে। তবে নিখোঁজ দুই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। আলোর স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে রাতের জন্য অভিযান বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হবে।
এদিকে, দুই ভাইয়ের নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর তীরে স্বজন ও স্থানীয়দের উদ্বিগ্ন অবস্থায় অপেক্ষা করতে দেখা গেছে।



