মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মধ্যপ্রাচ্যের সঙ্কটে প্রবাসীদের পাশে সরকার

‘বিদ্যুৎ, গ্যাস ও তেলের ব্যবহার কমিয়ে সাশ্রয়ী হলে উদ্ভূত পরিস্থিতি আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারব।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
পৃথক ইফতার মাহফিলে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
পৃথক ইফতার মাহফিলে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী |নয়া দিগন্ত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যা যৌথভাবে কাজ করছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি নিয়মিত তদারকি করছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে যে চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে, তা সবার সহযোগিতায় মোকাবেলা করা সম্ভব হবে।’

শনিবার (৭ মার্চ) সিলেট নগরীতে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও দৈনিক জৈন্তাবার্তা আয়োজিত পৃথক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় প্রবাসীদের সর্বোচ্চ সহায়তা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কোনো প্রবাসী নিহত হলে তাদের লাশ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে এবং কেউ আহত হলে সেখানে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির কারণে যারা গৃহবন্দী অবস্থায় রয়েছেন, তাদের খুঁজে বের করে খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেয়ার চেষ্টা করছে বাংলাদেশের দূতাবাসগুলো।’

এ সময় উদ্বিগ্ন না হয়ে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস ও তেলের ব্যবহার কমিয়ে সাশ্রয়ী হলে উদ্ভূত পরিস্থিতি আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারব।’

নিজ নির্বাচনী এলাকার শিক্ষা খাতের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এলাকার অধিকাংশ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যা অপ্রতুল। জৈন্তাপুরের একমাত্র সরকারি স্কুলেও শিক্ষকের সংখ্যা অর্ধেকেরও কম। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সঙ্কট দূর করা জরুরি। আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষক সঙ্কট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

পৃথক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক মো: তাজ উদ্দিন, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো: সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল রাফিন সরকার, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ বদরুদ্দোজা বদরসহ বিশিষ্ট ব্যক্তিরা।