আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান, জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের রেলস্টেশন ও হাইরোড এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান, জরিমানা
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান, জরিমানা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের রেলস্টেশন ও হাইরোড এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পর্যন্ত এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় মো: নজরুল ইসলামের আল মদিনা মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, মো: আলাউদ্দীন মিয়ার আলাউদ্দীন হোটেলকে ৩ হাজার টাকা এবং শ্রী পরেশ ঘোষের মেসার্স চন্দ্রনা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গ্যাস ক্রয়-বিক্রয়ের কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করায় একই আইনের ৪৫ ধারায় মো: মাজেদুল ইসলামের আল কারীম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল, গ্যাস ও ফলের দোকান তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার অধিদফতর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।