গফরগাঁওয়ে জামালপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ

জামালপুর এক্সপ্রেসের ইঞ্জিনের কাপলার ভেঙে গফরগাঁওয়ের শহীদনগর এলাকায় বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে রিলিফ ইঞ্জিন না আসা পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Gaffargaon
জামালপুর এক্সপ্রেস ট্রেনের কাপলার ভেঙে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গেছে
জামালপুর এক্সপ্রেস ট্রেনের কাপলার ভেঙে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গেছে |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেসের কাপলার ভেঙে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ১২ টা ১২ মিনিটে ট্রেনটি গফরগাঁওয়ের কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি শহীদনগর এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনের কাপলার ভেঙে যায়। যার ফলে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মশাখালী রেলস্টেশনের স্টেশন মাস্টার জুন্নুন হাসান খান জানান, জামালপুর এক্সপ্রেস ট্রেনটি শহীদনগর এলাকায় পৌঁছালে কাপলার ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আনার কাজ চলছে। রিলিফ ইঞ্জিন এসে পৌঁছালে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরো জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটি সাময়িকভাবে আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।