সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও এক দিনমজুর নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল এলাকায় এবং সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর (পাাঁচমাইল) ড্রিমল্যান্ড পার্কের পাশে দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন— বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরী গ্রামের মরহুম আব্দুর রউফের ছেলে ফরহাদ হাসান (২৪) ও একই উপজেলার মোস্তার আলীর ছেলে দিনমজুর কামাল উদ্দিন (৪০)।
জানা যায়, বুধবার ভোরে দিনমজুর কামাল আহমদ গোলাপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কাজে যাওয়ার সময় উপজেলার খাগাইল এলাকায় পৌঁছামাত্র একটি ড্রামট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে রিকশাটি খাদে পড়ে গেলে রিকশার যাত্রী দিনমজুর কামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
একইদিন সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল আরোহী ফরহাদ হাসানের লাশ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর (পাঁচমাইল) ড্রিমল্যান্ড পার্কের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তিনি সিলেট শহর থেকে মোটরসাইকেল নিয়ে একা বাড়ি ফিরছিলেন। তবে, কিভাবে সড়ক দুর্ঘটনায় ঘটেছিল তা জানা যায়নি। সড়কের মধ্যে এক স্থানে হেলমেট ও অপর স্থানে মোটরসাইকেল ও ফরহাদ হাসানের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে কোনো দুর্ঘটনার চিহ্ন দেখা যায়নি। তবে কিভাবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান নিহত হয়েছেন সেটি অজানা। সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ও একই থানার কুশিয়ারা
পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পৃথক ঘটনাস্থল থেকে নিহত দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
গোলাপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দিনমজুর ও মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমেদ।



