ঝড়ে পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ ব্যবসায়ী নিখোঁজ

সোমবার (২৫ মে) দুপুরে মাওয়া পদ্মা সেতুর উত্তর থানা এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে।

Location :

Louhajang
প্রতীকী ছবি

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে গরুবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২৩টি কোরবানির গরুসহ আইয়ুব আলী (৪৫) নামে এ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুরে মাওয়া পদ্মা সেতুর উত্তর থানা এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. ইলিয়াস ও লৌহজং ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সুমন আলী জানান, সোমবার দুপুর পৌনে ২টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে ঢাকার কেরানীগঞ্জের পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে গরুবাহী ট্রলারটি রওনা হয়। পথে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ট্রলারটি পদ্মা নদীতে ডুবে যায়।

ট্রলারটিতে ১৬ জন গরুর পাইকার ও ২৮টি গরু ছিল। দুর্ঘটনার পর পাঁচটি গরু নিয়ে ১৫ জন পাইকার তীরে উঠতে সক্ষম হন। তবে একজন পাইকার ও ২৩টি গরু নদীতে নিখোঁজ রয়েছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির আইসি মো. ইলিয়াস জানান, নৌপুলিশের টহল দল ঘটনাস্থলে রয়েছে। নিখোঁজ ব্যক্তি, ট্রলার ও গরুগুলোর সন্ধানে উদ্ধার অভিযান চলছে।