সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দসহ দুইজনকে আটক করেছে র্যাব-৯।
সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ থানাধীন পালবাড়ি মোড় এলাকা থেকে চোরাইপণ্যসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তালেবপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মো: আব্দুল করিম (৩৭) ও গোপালগঞ্জ জেলার সদর থানার বলাকৈর গ্রামের শুকুর খানের ছেলে মো: মোমেন খান (২১)।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ থানাধীন পালবাড়ি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানির একটি দল অভিযান চালায়। এসময় একটি ট্রাক থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্য খালাস করা হচ্ছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রাকটিতে ভারতীয় জিরা ও বিভিন্ন কসমেটিক্স সামগ্রী ছিল। পরে তাদের দেখানো মতে ট্রাক থেকে ১৩৪ বস্তায় রাখা ৪১২০ কেজি ভারতীয় জিরা এবং ১৬ কার্টনে থাকা ৫৭৬০ পিস ফেয়ারনেস ক্রিম উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পলাতক সহযোগীদের সাথে যোগসাজশে চোরাচালানের মাধ্যমে ভারতীয় জিরা ও কসমেটিক্স দেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপূর্বক আটককৃতদের এবং জব্দকৃত আলামত ফেঞ্চুগঞ্জ থানা-এ হস্তান্তর করা হয়েছে।
চোরাচালানসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।



