গফরগাঁওয়ে ভাঙা রেললাইন : ট্রেন চলাচল বিঘ্নিত, ৩০ মিনিট পরে স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ফকিরবাড়ী এলাকায় রেললাইন ভাঙা থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ফকিরবাড়ী এলাকায় রেললাইন ভাঙা থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে মশাখালী রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে আসার পর ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় দেওয়ানগঞ্জগামী ‘দেওয়ানগঞ্জ কমিউটার’ ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়।

ভাঙা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে আটকে, আটকে পড়া ট্রেনটিকে পার করে দিলে প্রায় ৩০মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গফরগাঁও-মশাখালী রেল স্টেশনের মধ্যবর্তী ফকিরবাড়ী এলাকায় স্থানীয় লোকজন রেললাইনে ফাটল/ভাঙা দেখতে পান।’

এ সময় দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে ফকিরবাড়ী এলাকা অতিক্রম করছিল। এ অবস্থায় স্থানীয় লোকজন সামনে অগ্রসর হয়ে সংকেত দিয়ে ট্রেনটি থামান। এতে অল্পের জন্য ট্রেনটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গফরগাঁও থেকে গিয়ে ভাঙা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে সাময়িকভাবে মেরামত করলে আটকে থাকা কমিউটার ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। এ ঘটনায় প্রায় ৩০মিনিট ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

ওসি আকতার হোসেন আরো বলেন, ভাঙা রেললাইনটি স্থায়ীভাবে মেরামতের কাজ চলছে এবং বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।