নীলফামারী প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে শহরের ডিসি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে ডিসি মোড় থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘যতক্ষণ পর্যন্ত গণভোটের রায় ও জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে রাজপথ থেকে ফেরানো যাবে না। বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা নতুন ফ্যাসিবাদের দিকে হাঁটছে। জনগণ রক্ত দিয়ে হলেও দেশকে নতুন ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করতে প্রস্তুত।’
তিনি বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের উপেক্ষা করে উন্নয়ন ভাবনা ভাবা হচ্ছে। কিন্তু দেশের জনগণ এটি মেনে নেবে না, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।’



