ডিপ্লোমা ডিগ্রিধারীদের সহিংস কর্মসূচি এবং সরকারি সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপের অভিযোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে প্রকৌশলী অধিকার আন্দোলন (প্রঅআ) জাবিপ্রবি শাখার উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলটি অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে মূল ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, প্রকৌশলীরা জেগেছে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার সোনার বাংলায়, কোটা প্রথার ঠাঁই নাই’, ‘২৪-এর বাংলায়, ডিপ্লোমা কোটার ঠাঁই নাই’ এমন স্লোগান দেন।
জাবিপ্রবির প্রকৌশলী অধিকার আন্দোলন (প্রঅআ) লিখিত বিবৃতিতে জানান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) নেতৃত্ব পেশাগত দাবি ছাড়িয়ে রাষ্ট্রবিরোধী ও সহিংস কার্যক্রমে জড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে সড়ক ও জনপথ অবরোধ, সরকারি সিদ্ধান্তে চাপ প্রয়োগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার মাধ্যমে তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে বলে দাবি করা হয়।
লিখিত বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রকৌশল খাতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার পরিবর্তে ডিপ্লোমাধারীদের জন্য বৈষম্যমূলক কোটা বহাল রাখা হয়েছে, যা স্নাতক প্রকৌশলীদের জন্য চরম অন্যায় এবং দেশের প্রকৌশল শিক্ষার মান ও উন্নয়নের অন্তরায়। ২০১৩ সালের মতো পরিস্থিতি পুনরাবৃত্তির আশঙ্কাও প্রকাশ করা হয়।
ডিপ্লোমা সংশ্লিষ্ট সহিংস কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আন্দোলনের অর্থায়ন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তদন্ত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা।
এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।



