খুলনায় ঈদ জামাত অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনা সার্কিট হাউজ মাঠ পরিদর্শনে কেসিসি প্রশাসক
খুলনা সার্কিট হাউজ মাঠ পরিদর্শনে কেসিসি প্রশাসক |নয়া দিগন্ত

খুলনা সার্কিট হাউজ মাঠে বরাবরের মত নগরীর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেইসাথে এবারই প্রথম সেখানে মহিলাদের পর্দা সহকারে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কেসিসি প্রশাসক বলেন, ‘সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার জামাত প্রস্তুতি কাজ সফল করার জন্য সকল সংস্থা দায়িত্ব নিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শনা মেনেই যৌথভাবে কাজ করে যাচ্ছি। কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর একশত ৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। এই স্থানগুলোতে নগরবাসী কোরবানি করবেন। কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ব্লিচিং পাউডার ও স্যাভলন দিয়ে রাস্তা পরিস্কার করবে। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। বেলা দুইটা থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। নদী পথেও আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। ’

নগরবাসী স্বচ্ছন্দ্যে ও নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ এবং কোরবাণীকরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহম্মেদ, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদের দিন বৃষ্টি হওয়ার পূর্বাভাষ রয়েছে। সেটা হলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৭টায় প্রথম জামাত, ৮টায় দ্বিতীয় এবং সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদরাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল সোয়া ৭টায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।