বিএনপির বিরুদ্ধে চলমান মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদে বরিশালের গৌরনদীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি রেস্টুরেন্টে উপজেলা বিএনপির ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহলের ছায়া-পৃষ্ঠপোষকতায় বিএনপির নেতাকর্মীদের সম্মানহানি ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ধারাবাহিকভাবে বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যা প্রচারের জবাবে এখনই রাজপথে ও সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা বিএনপির অন্যতম সদস্য মো: মনিরুজ্জামান মনির বলেন, ‘গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার, তাদের কণ্ঠ রুদ্ধ করতেই এ অপপ্রচার। কিন্তু সত্য চাপা থাকে না, বিএনপির আদর্শ ও সংগ্রামের ইতিহাসই তার বড় জবাব।’
তিনি আরো বলেন, ‘জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে বিএনপি কখনো পিছিয়ে যায়নি, আগামীতেও যাবে না। অপপ্রচারের জবাবে গৌরনদীসহ দেশের প্রতিটি ইউনিটে সাংগঠনিক প্রতিরোধ গড়ে তোলা হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য তাইফুর রহমান কচি, উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হোসনেয়ারা বেবী, জেলা বিএনপির সাবেক সদস্য বদিউজ্জামান চঞ্চল মাঝি, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, যুবদল নেতা মো: মাসুম হাওলাদার ও মানিক মৃধা, গৌরনদী উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ‘ভবিষ্যতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে যে কোনো মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সাংগঠনিকভাবে জবাব দেয়া হবে এবং প্রয়োজন হলে কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলা হবে’ বলে একটি প্রস্তাব গৃহীত হয়।



