জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (৪ জুলাই) বিকেলে জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়। মিছিলের আগে ও পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় এবং জুলাই সনদের প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।

তারা আরো বলেন, দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে সারাদেশে বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন নেতারা।

বিক্ষোভ মিছিলে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানসহ আরো অনেকেই।