মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি তপনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবির পাশাপাশি হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন তিনি।
গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে দেয়া আবেদনে তপন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে সমিতির কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না এবং তার বিরুদ্ধে পাল্টা কমিটি গঠন করা হবে বলেও হুমকি দেয়া হচ্ছে।
আবেদনে তিনি আব্দুস সালাম ওরফে কডা সালাম, আলম, মজিবর, মো: মান্নান, শাহজাহানসহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
তপন জানান, তার বাবা শ্রী ননী গোপাল দাস প্রায় ৩৫ বছর বাঘড়া ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। পরে বার্ধক্যজনিত কারণে তিনি দায়িত্ব পালনে অপারগ হলে তপনকে সভাপতির দায়িত্ব দেয়া হয়। তিনি দাবি করেন, প্রায় ১৫ বছর ধরে তিনি মৎস্যজীবীদের সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছেন।
তার অভিযোগ, সরকারিভাবে জেলেদের জন্য বরাদ্দ বিভিন্ন সহায়তা তিনি মাস্টাররোল অনুযায়ী সমিতির সদস্যদের মধ্যে বিতরণ করে আসছেন। এ কারণে দীর্ঘদিন ধরে একটি চক্র তার ওপর ক্ষুব্ধ হয়ে চাঁদা দাবি করছে।
আবেদনে তপন আরো উল্লেখ করেন, চাঁদা না দিলে তাকে সমিতির কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না এবং যেকোনো সময় হত্যার মাধ্যমে সভাপতির পদ থেকে সরিয়ে দেয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে তিনি স্থানীয় চেয়ারম্যান, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন বলেও আবেদনে উল্লেখ করেন। তার দাবি, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
এ অবস্থায় নিজের নিরাপত্তা এবং সমিতির কার্যক্রম স্বাভাবিক রাখতে অভিযোগটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তপন।
প্রধানমন্ত্রী বরাবর দেয়া আবেদনের সাথে ৫২ পৃষ্ঠার বিভিন্ন কাগজপত্র সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আব্দুস সালাম ওরফে কডা সালাম জানান, ‘ওরা বলছে আর আপনারা বিশ্বাস করছেন। আপনারা এখন প্রমাণ করেন।’
পরে তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা জেলে। চাঁদার বিষয়ে আমি কিছুই জানি না। তবে আমি তপনকে ভালোভাবে চিনি।’



