মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের দ্রুত অবস্থান গ্রহণ এবং স্থানীয় জনতার প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।
বৃহস্পতিবার ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার ব্রজনাথপুর গ্রামের দিক থেকে পুশইনেন চেষ্টা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার ব্রজনাথপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২-এর ৫এস ও ৬এস-এর মধ্যবর্তী শেওড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা করা হয়। এ সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কড়া প্রতিবাদ জানান। স্থানীয় লোকজনও পুশইনের বিরুদ্ধে অবস্থান নিলে বিএসএফ তাদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
স্থানীয়রা জানিয়েছেন পুশইনের চেষ্টা করা সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।
এ বিষয়ে বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, বিজিবির সতর্ক অবস্থান এবং জনসাধারণের প্রতিবাদের কারণেই এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।



