রেলওয়ের সিগনাল ও কর্তব্যরত গেটম্যানের নিষেধ অমান্য করে রেলক্রসিং পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতাসহ দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল (বাটপাড়া) রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে গেছে। পুবাইল রেলওয়ে স্টেশন সূত্র শুক্রবার (৬ মার্চ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত শেখ হাবিবুর রহমান সরকার বাপ্পী (৩৫) গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সদস্য এবং সাতানি পাড়ার বড্ড সরকারের ছেলে। সজিব ভূঁইয়া (৪০) স্থানীয় নয়ানিপাড়া (মৃধা বাড়ি) এলাকার আশরাফ হোসেনের ছেলে।
পুবাইলে (বাটপাড়া) রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান মনির হোসেন বলেন, ‘গেট নামিয়ে বাঁশি বাজিয়ে মোটরসাইকেল আরোহীদের সতর্ক করা হয়েছিল। তারা সেটা না মেনে গেটের পাশ দিয়ে ঢুকে পড়লে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক হোসেন জানান, বাপ্পী ও সজিব বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির মহানগর এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরো জানান, এ সময় মোটরসাইকেলে থাকা দু’জন রেললাইনের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে করমতলা খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



