ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মরহুম আব্বাস আলী আকন্দের ছেলে। তার ছেলে মাজহারুল ইসলাম আকাশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় চন্দ্রপাড়া সড়কে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ দাবি করেন, ছিনতাইকারীরা তার বাবার পথরোধ করেছিল। তিনি তাদের চিনে ফেলায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বর্তমানে লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।’



