ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্বাক্ষরিত বেসরকারি ফলাফল শিট বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
জামানত হারানো প্রার্থীরা হলেন- খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির, জাতীয় পার্টির (জাপা) আলহাজ্ব জাহাঙ্গীর আলম এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আজিজুল হক।
নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।
এ আসনে বৈধ ভোট পড়েছে দুই লাখ ৭৬ হাজার ৩৯৭। এক লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কলিমউদ্দিন আহমদ মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী পেয়েছেন এক লাখ দুই হাজার ১২১ ভোট। এই দুই প্রার্থী ছাড়া বাকি তিনজন জামানত হারাচ্ছেন।
জামানত হারানো প্রার্থীদের মধ্যে মোহাম্মদ আব্দুল কাদির পেয়েছেন দুই হাজার ২৪৬ ভোট, আলহাজ্ব জাহাঙ্গীর আলম পেয়েছেন এক হাজার ৪৯২ ভোট এবং আজিজুল হক পেয়েছেন ৪২৩ ভোট।



