রাঙ্গামাটিতে পিকআপ উল্টে ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ২জন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরাা জানায, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ রাঙ্গামাটির কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে শোভা চাকমা (৫২) মারা যান।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত যাত্রীদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনায় গুরুতর আহত জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)আশঙ্কাজনক অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।



