রূপগঞ্জে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

বিকেলে মাদরাসার শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় ভুঁইয়ার পুকুরের পাশের বালুর মাঠে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে ওমর ফারুক পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়।

Location :

Narayanganj
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু |ফাইল ছবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওমর ফারুক উপজেলার তারাব পৌরসভার মাসাব এলাকার সবুজ মিয়ার ছেলে ও মাসাবো তাকওয়া ইসলামিয়া এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী।

মাসাবো মাদরাসার তাকওয়া ইসলামিয়া এতিমখানার ভারপ্রাপ্ত মুহতামিম মোহাম্মদ রাশেদ মিয়া জানান, বিকেলে মাদরাসার শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় ভুঁইয়ার পুকুরের পাশের বালুর মাঠে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে ওমর ফারুক পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে শিক্ষক ও স্থানীয়রা পুকুরে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।

পরে কাঞ্চন ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তাদের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে পুকুর থেকে ওমর ফারুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘গোলাকান্দাইল ইউনিয়নের ৫নম্বর ক্যানেল এলাকায় একটি ছাত্র পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ডুবুরি দল যায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় ছাত্রটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত ওমর ফারুককে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’