মেহেরপুরের গাংনীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে ঈদগাহের গ্রিলের সাথে লাল শপিং ব্যাগে তুলার মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা স্বপন আলী জানান, সকালে হিজলবাড়িয়া ঈদগাহের গ্রিলের সাথে লাল শপিং ব্যাগে তুলার মধ্যে কালো স্কচটেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। গাংনী থানা পুলিশ বস্তুটি বালতির পানিতে রেখে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশে এটি রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।



