সিলেট নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গত ৩২ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ১৫৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএমপি সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, হকার, জুয়াড়ি, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে ৩৯ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫৩ হাজার ৬০ টাকা এবং ২ হাজার ১০০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে।
এদিকে এই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭১টি যানবাহন আটক করা হয়েছে।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ মহানগর গড়ে তুলতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



