জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে ইউনিট দু’টির উৎপাদন বন্ধ রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মো: আব্দুল মজিদ জানান, বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট উৎপাদনে রয়েছে। দুপুরে হঠাৎ জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিডে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিট ও ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
তিনি আরো জানান, ইউনিট দু’টি চালুর জন্য কারিগরি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি এক ঘণ্টার মধ্যে চালুর চেষ্টা চলছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটির বিষয়টি নিয়ে জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। ইউনিটটি চালু করতে অন্তত তিনদিন সময় লাগতে পারে।



