নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে

‘আমার জামা কাপড়ের দোকান ছিল। দোকানের জামা-কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। ছাই ছাড়া কিছুই নেই দোকানে।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Narayanganj
নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেটে আগুন
নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেটে আগুন |সংগৃহীত

নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেটে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হকার্স মার্কেটে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে আগুন না নিভলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিক বলেন, ‘আমার জামা কাপড়ের দোকান ছিল। দোকানের জামা-কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। ছাই ছাড়া কিছুই নেই দোকানে।’

ঘটনাস্থল পরিদর্শনে এসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য ৬৪২ ছোট দোকান নির্মাণ করে দেয়। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকান পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, হকার্স মার্কেটে আগুনের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত পরবর্তী বলা যাবে।

সূত্র : বাসস