নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সফিকুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট-আড়াইহাজার সড়কের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সফিকুল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ওয়ারুক গ্রামের বাসিন্দা। আহত দু’জনসহ তিনজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে সিএনজিটি বিশনন্দী ফেরিঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন আড়াইহাজারের দিকে যাওয়ার সময় সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলে সফিকুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে আড়াইহাজার উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
দুর্ঘটনার পরপরই নসিমন চালক গাড়ি নিয়ে পালিয়ে যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। নসিমন চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’



