জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পাশের ডোবার পানিতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে আনাস (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনাস ওই গ্রামের হাফিজুর রহমানর ছেলে বলে জানা গেছে। সে বাবা-মায়ের একমাত্র সন্তান। পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পরিবারিক সূত্র জানায়, বাড়ির পাশের ডোবার পানিতে সাঁতার শিখতে গিয়েছিল আনাস। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাড়ির পাশে বৃষ্টিতে জমে থাকা ডোবার পানিতে সকলের অজান্তে সাঁতার শিখতে গিয়েই এই ঘটনা ঘটেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: নুসরাত জাহান ঐশী আনাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মনিরুজ্জামান (অবসরপ্রাপ্ত) বলেন, ‘বাংলাদেশ একটি নদীমাতৃ দেশ। নদী-নালা, খাল-বিল, হাওর ও জলাশয়ে ভরপুর এই দেশ। পানিতে ডুবে কোনো মানুষ যেন জীবন না হারায়, সেই জন্য ‘জীবনের জন্য সাঁতার’ বর্তমান গণতান্ত্রিক সরকারের এই কর্মসূচি চালু করা উচিত।’
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, স্বজনদের অজান্তে সাঁতার শিখতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আনাস নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



