চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রপাতে শান্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় নাহিদ নামে আরেক যুবক আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।
নিহত শান্ত আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
নিহতের এক আত্মীয় জানান, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নাহিদ, শান্তসহ কয়েকজন যুবক বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। এ সময় বজ্রপাতে পাশেই একটি গাছে আগুন লাগে। ঠিক সেই মুহূর্তে শান্ত ও নাহিদ বজ্রঘাতে আহত হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।



