রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে মারিশ্যা–দিঘিনালা সড়কের দুই কিলোমিটার এলাকায় অভিযান চালায় বিজিবির একটি আভিযানিক দল। মোটরসাইকেলযোগে সিগারেট নিয়ে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী সিগারেটের বস্তা ফেলে জঙ্গলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৬৫ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
জব্দকৃত সিগারেটের বাজার মূল্য প্রায় এক লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’



