ঢাকার আশুলিয়ায় সাপের দংশনে আসিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য মমতাজ বেগম।
এর আগে, সকালে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
নিহত আসিয়া বেগম আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ি শামেরটেকী এলাকার মুসলেম বেপারীর স্ত্রী।
ইউপি সদস্য মমতা বেগম জানান, মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় বাড়ির উঠানে শুকিয়ে যাওয়া কাপড় আনতে যান আসিয়া বেগম। এ সময় হঠাৎ তাকে বিষধর সাপে দংশন করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত একজন কবিরাজের কাছে নিয়ে যান। পরে ওই নারীকে কেপিজে ঢাকা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুপুর সোয়া ২টায় জানাজা শেষে আসিয়া বেগমকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলেও জানান ওই ইউপি সদস্য।



