নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি বিষ্ণুপদ শর্মা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা রিজার্ভ পুলিশ সদস্যসহ সোনারগাঁও থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, কাঁচপুর এলাকায় মহাসড়কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ও যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


