নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৫ বছর লড়াই করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার ইন্দ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ আনু এমপি বলেন, তিনি কোনো রাজনৈতিক হানাহানি, সংঘাত চান না। সকলকে নিয়ে নিরাপদ ও শান্তির একটি সিংড়া গড়তে চান।
ইফতার মাহফিলে উপজেলা যুবদলের সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল, সাবেক ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, বিএনপি নেতা মিলন হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মালেক, ইটালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক সহ-সভাপতি আবু আহসান টগর, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।



