লাঙ্গলবন্দের অষ্টমী স্নান উপলক্ষে গজারিয়ায় মহাসড়কে তীব্র যানজট

লাঙ্গলবন্দের অষ্টমী স্নান উপলক্ষে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সকাল ৯টা থেকে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং যানজট নিরসনের চেষ্টা অব্যাহত রয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
যানজটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে যানবাহনগুলো
যানজটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে যানবাহনগুলো |নয়া দিগন্ত

লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে মহাসড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে সড়কের বিভিন্ন অংশে ধীরগতির যান চলাচল শুরু হয়ে একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়।

সরেজমিনে দেখা গেছে, মেঘনা সেতু সংলগ্ন জামালদী এলাকা থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বাস ও পণ্যবাহী যানবাহনগুলো ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যানজট অব্যাহত ছিল।

ঢাকাগামী যাত্রী মিজান দেওয়ান জানান, জরুরি কাজে বের হয়ে বালুয়াকান্দি এলাকায় প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

একই সড়কে চলাচলকারী ট্রাকচালক নুরুজ্জামান বলেন, বিকল্প সড়ক ব্যবহার করেও খুব একটা স্বস্তি পাওয়া যায়নি। অতিরিক্ত যানবাহনের চাপে অনেক সময় প্রায় স্থির অবস্থায় চলতে হচ্ছে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, লাঙ্গলবন্দের অষ্টমী স্নান উপলক্ষে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সকাল ৯টা থেকে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং যানজট নিরসনের চেষ্টা অব্যাহত রয়েছে।