বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিলে এইবার বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কেউ আর কোনোদিন আমাদের ভোটাধিকার হরণ করতে পারবে না। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার হরণ করতে পারবে না।’
শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার ৮ম দিনে চকরিয়া পৌরসভার কাজী পাড়ায় গণসংযোগকালে পথসভায় দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য আমাদের এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা শান্তি, নিরাপত্তা সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।’
গণসংযোগের শুরুতেই চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের করব জিয়ারত করেন সালাহউদ্দিন আহমদ। এরপর তিনি পৌরসভার বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দু পাড়া, আমাইন্নারচর, হালকাকারাসহ বেশ কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ চালান। তার গণসংযোগে নারী-পুরুষ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। এ সময় সালাহউদ্দিন আহমদ সকলের কাছে ধানের শীষে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



