সৈয়দপুরে এফওএইচ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে প্রতি বছরের মতো এবারো এফওএইচ স্কুল প্রজেক্টের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)

Location :

Saidpur
সৈয়দপুরে এফওএইচ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ
সৈয়দপুরে এফওএইচ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে প্রতি বছরের মতো এবারো এফওএইচ স্কুল প্রজেক্টের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে শহরের নিয়ামতপুর সরকারপাড়াস্থ এফওএইচ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহা ফাতেহা তাকমিলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হীড বাংলাদেশ’ এর চেয়ারম্যান এম এ বারি, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি কবি মাজিদ ইকবাল, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।

স্কুলের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা জানান, আমেরিকান দাতব্য সংস্থা ‘ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ)’ কর্তৃক পরিচালিত এডুকেশন প্রোজেক্ট এর মাধ্যমে সৈয়দপুর ৫টি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি কোচিং সেন্টার ও একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের কার্যক্রম চলমান। বিগত ১২ বছর ধরে পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলো স্থাপিত হয়েছে।

এই প্রতিষ্ঠান সমূহের এক হাজার ২৮৭ জন শিক্ষার্থী ও ৫৩ জন শিক্ষক কর্মচারীদের মাঝে ১১টি আইটেমের মোট ১৮ কেজি ওজনের ঈদ উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্যাকেজে রয়েছে ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৩ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি গুড়ো দুধ, ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আটা ও ১ কেজি লাচ্ছা সেমাই।

অনুষ্ঠানে উর্দুভাষীদের উদীয়মান যুব নেতৃত্ব মো: চাঁনসহ উর্দুভাষীদের ক্যাম্পসমূহের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে অত্যন্ত সুষ্ঠুভাবে বিতরণ কাজ শেষ হয়।